জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর রহমান ওই গ্রামের মৃত জামতুল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন ছোট ভাই নবীনুরের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন। এ সময় নবীনুর সেখানে গিয়ে তাকে আইল কাটতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ারের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের লাশ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমির আইল কাটা নিয়ে বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কোদাল ও হাঁসুয়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এফএ




