কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচারকালে ৭ কোটি ৫০ লাখ টাকা মূল্যের আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
তবে এই ঘটনায় জড়িত দুই চোরাকারবারি পালিয়ে গেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ জিম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী বিজিবির ৭ নম্বর পোস্ট সংলগ্ন বেলালের মাছের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ভোরে সীমান্ত দিয়ে দুই ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করা হলে ব্যাগ দুটি ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যান তারা।
পরে ফেলে যাওয়া ব্যাগ দুটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা আনুমানিক আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা।
বিজিপি অধিনায়ক আরও জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের আটকের জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
প্রতিনিধি/এএম




