সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মধু, মাছ, কাঁকড়া ও গোলপাতা প্রভৃতি আহরণ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় বনজীবী পরিবারগুলো। এসব পরিবারের অনেক শিক্ষার্থীর পড়াশোনা এখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। পরিবারের জীবিকা ও নিজেদের শিক্ষাজীবন রক্ষার দাবিতে এবার আন্দোলনে নেমেছে সুন্দরবন উপকূলের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সোরা স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা মাঠ থেকে ‘উপকূলে জাগরণ যাত্রা’ নামে এ কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এ সময় বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে উপকূলীয় সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ। কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানান।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সুন্দরবনে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ করে অনেক পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির ভয়ে বনজীবীরা বনে যেতে পারছেন না। এতে পরিবারগুলোতে তীব্র অভাব দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থীর বই কেনা, পরীক্ষার ফি দেওয়া ও পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে। কেউ কেউ পড়াশোনা ছেড়ে কাজের সন্ধানে যেতে বাধ্য হচ্ছে।
চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল রানা বলেন, বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে দস্যুদের নির্মূল করতে হবে।
চাঁদনীমুখা পরিজান আলিম মাদরাসার শিক্ষার্থী শাকিলা পারভীন বলেন, দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না। ঘরে হাঁড়িতে ভাত নেই। আমাদের পরীক্ষার ফি ও বই কেনার টাকা নেই। আমরা বাঁচতে চাই, স্কুলে যেতে চাই।
শিক্ষার্থী হিরা মনি বলেন, দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে সেই দায় কে নেবে?

অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও সহায়তা প্রয়োজন। আরেক অভিভাবক কামরুল ইসলাম বলেন, বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে তাদের না খেয়ে থাকতে হবে এবং সন্তানদের পড়াশোনাও বন্ধ হয়ে যাবে।
কর্মসূচিতে বক্তব্য দেন চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল রানা, চাঁদনীমুখা পরিজান আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন, শাকিলা পারভীন, আশুরা খাতুন, মো. অয়েস কুরুনী, মুন্নি আক্তার, স্কুলশিক্ষার্থী রাকিব হোসেন, মো. টুটুল ও মো. জিল্লুর রহমানসহ অন্যরা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ইংরেজি সাহিত্যের সম্মান শ্রেণির শিক্ষার্থী মো. জিয়ারুল ইসলাম। সঞ্চালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান।
শিক্ষকদের পক্ষে কর্মসূচিতে সংহতি জানান মাস্টার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি জানান গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম।
প্রতিনিধি/এফএ




