পিরোজপুরের নাজিরপুরে বিএনপির কার্যালয় ও এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা দুটি মামলায় আসামির তালিকায় ভিন্নতা দেখা গেছে। একটি মামলায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামের ভাই ও ভাতিজাকে আসামি করা হলেও অন্য মামলায় তাঁদের নাম নেই। তাঁরা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয় বিএনপির নেতাদের বিরোধের জেরে একই ঘটনায় পৃথকভাবে মামলা দুটি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ১৫ নভেম্বর বেলা ২টার দিকে নাজিরপুরের মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়, ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শোভন তালুকদারের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপি নেতারা এ ঘটনার জন্য পাশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা এবং স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের দায়ী করেন।
এ ঘটনায় প্রথম মামলা হয় গত ২২ নভেম্বর রাতে। মামলার বাদী মো. এনামুল হক জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন খান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন এবং উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলকে আসামি করা হয়। তবে জেলা বিএনপির আহ্বায়কের ভাই সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান মিলু ও ভাতিজা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রতীক হাসানাত বাবুকে আসামি করা হয়নি।
এর তিন দিন পর গত বুধবার (২৫ নভেম্বর) রাতে নাজিরপুর থানায় আরেকটি মামলা করেন যুবদলের পদহীন নেতা মাহমুদুল হাসান লিমন। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল ও সদস্যসচিব আবু হাসান খানের অনুসারী হিসেবে পরিচিত। এ মামলায় ২১৮ জনের নাম উল্লেখসহ চার শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
দ্বিতীয় মামলার এজাহারে আসামি হিসেবে রয়েছেন নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মিলু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসানাত বাবু। তাঁদের মধ্যে প্রতীক হাসানাত বাবু জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামের বড় ভাই, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবুল হাসানাত খানের ছেলে। আর জিয়াউল হাসান মিলু নজরুল ইসলামের ছোট ভাই।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই শেখ নওশের করিম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখ, সাবেক জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন খান এবং সাবেক ইউপি চেয়ারম্যান উত্তম কুমার, বেলায়েত হোসেন বুলু, বাবুল দাড়িয়া, সুমন মন্ডল মিঠু, আক্তারুজ্জামান গাউস মল্লিক, মাস্টার ওলিউল্লাহ, রফিকুল ইসলাম বাবুল ও শাহ আলম।
স্থানীয় বিএনপির রাজনীতিতে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামের সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল ও সদস্যসচিব আবু হাসান খানের পক্ষের বিরোধ রয়েছে। স্থানীয় সূত্রের ভাষ্য, প্রথম মামলার বাদী এনামুল হক নজরুল ইসলামের অনুসারী হওয়ায় তাঁর ভাই ও ভাতিজাকে আসামি করা হয়নি। এ কারণে ক্ষুব্ধ হয়ে বিরোধী পক্ষের অনুসারী মাহমুদুল হাসান লিমন দ্বিতীয় মামলায় তাঁদের আসামি করেছেন।
উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান বলেন, মালিখালী বাজারে হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলার বাদী ও সাক্ষী হতে ভয় পাচ্ছেন। তাই তাঁদের পক্ষে বুধবার রাতে লিমন মামলা করেছেন। আগের মামলায় জেলা বিএনপির আহ্বায়কের ভাই ও ভাতিজাকে আসামি না করায় ভিন্নভাবে মামলা করা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, হয়তো তাঁদের তদন্তে ভাই ও ভাতিজার সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। তাঁরা সম্পৃক্ততা পেয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামের দাবি, রোববার (২২ নভেম্বর) রাতে করা মামলাটি বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে। আর বুধবার রাতে করা মামলাটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে। এ কারণে পৃথক মামলা হয়েছে। প্রথম মামলায় তাঁর ভাই ও ভাতিজাকে আসামি না করার বিষয়ে তিনি বলেন, কাকে আসামি করা হবে, এসব বিষয়ে বাদীরা তাঁর সঙ্গে আলোচনা করেননি।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মালিখালীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা নথিভুক্ত হয়েছে। দুটি মামলারই তদন্ত করা হবে। ঘটনায় সম্পৃক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এআর




