পটুয়াখালী সদর উপজেলায় একটি নিবন্ধিত সাপের খামারে ভেনম উৎপাদনের অনুমতি পেয়েও বাজারজাতের সুযোগ না থাকায় বিপাকে খামারি আব্দুর রাজ্জাক বিশ্বাস। দীর্ঘ ২৬ বছরের প্রচেষ্টার পর চলতি বছরের জানুয়ারিতে সাপের বিষ সংগ্রহের জন্য সরকারি নিবন্ধন পেয়েছিলেন তিনি। তবে ছয় মাসের সেই নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে গত জুনে।
এর মধ্যে সাপের বিষ প্রক্রিয়াজাত করে অ্যান্টিভেনম তৈরির জন্য যোগাযোগ করেনি দেশের কোনো ওষুধ কোম্পানি। এতে হতাশ হয়ে পড়েছেন তিনি। এখন নিবন্ধন নবায়নের পাশাপাশি সরকারি ও বেসরকারি সহযোগিতায় নিজের উদ্যোগটি এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন এই উদ্যোক্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাপের খামারটি দীর্ঘদিন নিজ অর্থায়নে পরিচলানা করে আসছিলেন রাজ্জাক বিশ্বাস। তবে তিনি এখন প্রায় নিঃস্ব। বর্তমানে সাপের খামারে ছোট-বড় মিলিয়ে তিনশ’র উপরে সাপ রয়েছে। যার প্রতিদিনের পরিচর্যা, খাবার-দাবারের খরচ খুব ব্যয়বহুল।
খামারের কর্মচারি সবুজ মিয়া বলেন, ছাব্বিশ বছর ধরে সাপের খামার করেও রাজ্জাক বিশ্বাস এখন নিঃস্ব। বিষ বিক্রি করার ব্যবস্থা করতে সরকারের প্রতি আকুল আবেদন জানাই।
সাপের খামারি রাজ্জাক বিশ্বাস বলেন, খামার করে আজ আমি নিঃস্ব। সরকার যদি আমাকে সহযোগিতা না করে তাহলে আমার খামার বন্ধ করা ছাড়া উপায় নেই।

পটুয়াখালী প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো হাবিবুর রহমান বলেন, এই ভেনমটা আমাদের দেশের সম্পদ, সঠিকভাবে প্রসেস করতে পারলে দেশের সম্পদ দেশেই থেকে যাবে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এআরএম




