উত্তরের জনপদ পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসছে শীত। ভোরের কুয়াশা আর রাতের হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়ায় টানা চার দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় শীতের এমন চিত্র দেখা গেছে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে ঠান্ডা বাতাসের কারণে রোদের মধ্যেও শীতের আমেজ অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। সব মিলিয়ে টানা চার দিন ধরেই এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির নিচে অবস্থান করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা স্বস্তি মিললেও বিকেল থেকে শীত বাড়তে শুরু করে। সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতা বাড়ে। বিশেষ করে ভোরে হিমেল বাতাসের কারণে বেশি শীত অনুভূত হয়।
এদিকে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে প্রতিদিনের মতো কাজে বের হচ্ছেন নিম্নআয়ের মানুষ। চা-বাগান, পাথর ও বালু উত্তোলন এলাকা, নদীঘাটসহ বিভিন্ন কর্মস্থলে সকাল থেকেই শ্রমিকদের ব্যস্ততা দেখা যাচ্ছে। ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুরদেরও ঠান্ডা বাতাস উপেক্ষা করে জীবিকার সন্ধানে ছুটতে হচ্ছে। সকালের ঠান্ডা ও কুয়াশায় তাদের স্বাভাবিক কাজকর্মে কিছুটা ভোগান্তি বাড়ছে।
শীতের প্রভাবে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। সর্দি-কাশি, হাঁপানি ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয় ঘেঁষা অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের প্রকোপ একটু বেশি হয়ে থাকে । কয়েকদিন ধরে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।




