শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ​জয়পুরহাট
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ এএম

শেয়ার করুন:

জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

জয়পুরহাটে আমেরিকার তৈরি একটি অবৈধ বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু সরকারকে (রনজু) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতার রনজু সরকার জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া এলাকার মিন্টু সরকারের ছেলে।

​এসআরবি-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানিক দলটি দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় রনজু সরকারের হেফাজত থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।  

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেফতার রনজু সরকার এলাকার একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

​অভিযান শেষে গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর