আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জুলাই আন্দোলনের মতো আবারও দেশকে স্থিতিশীল করতে রাজপথে নামবে ছাত্র-জনতা।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় জেলা জামায়াতের উদ্যোগে শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল সরকারের ভূমিকার সমালোচনা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টা কখনো সফল হবে না। মূলত দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নেবে না।
জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর। এতে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুরসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




