রাঙামাটির রাজস্থলী উপজেলায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খোকন দে (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আমজাদ হোসেন(৬০) নামের আরেকজন আহত হন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাঙামাটি-বান্দরবান আঞ্চলিক সড়কের বাঙালহালিয়া হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল খায়ের কোম্পানির দুগ্ধজাত পণ্য নিয়ে পিকআপ ভ্যানটি বাঙালহালিয়া থেকে রাইখালীর দিকে আসছিল। পথিমধ্যে হেলিপ্যাড এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে ভ্যানটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায় এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে যান। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডেলিভারিম্যান খোকন দে-কে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি জব্দ করে বাঙালহালিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ জানান, ঘটনার পরপরই পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এজে




