নেত্রকোনা সদর উপজেলার হাটকলা বাজারে অগ্নিকাণ্ডে চারটি কাপড়ের দোকান পুড়ে গেছে। এ ঘটনায় পাশের একটি ফার্মেসি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে প্রথমে স্থানীয় মঞ্জু মিয়ার একটি কাপড়ের দোকানে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে চারটি কাপড়ের দোকান পুরোপুরি পুড়ে যায় এবং পাশের একটি ফার্মেসি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, অগ্নিকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




