সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি জোরদার করেছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)। সীমান্ত সুরক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন, আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত যানবাহন ব্যবহার করে বহুমুখী নজরদারি কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্ত এলাকায় দিন ও রাতে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি ড্রোন ব্যবহার করে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন স্থানে স্থানীয় জনগণকে নিয়ে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে।
এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষকে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মানবপাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সম্পর্কে সচেতন করার পাশাপাশি অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল কার্যক্রম আরও কার্যকর করতে অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করছে বিজিবি। এর মাধ্যমে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় ১৮ বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের নজরদারি, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে




