পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন, ঝিরি ও পানির উৎস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেছেন, পাহাড়ে নির্বিচারে গাছ কাটা, পাথর উত্তোলন ও বন ধ্বংসের কারণে অনেক ঝিরি ও পানির উৎস শুকিয়ে যাচ্ছে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এসব প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চল দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, যার ওপর পাহাড়ের বৃহত্তর জনগোষ্ঠীর জীবন ও জীবিকা নির্ভরশীল। পানির অপর নাম জীবন; পানি ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব সম্ভব নয়। কিন্তু নির্বিচারে গাছ কাটা, পাহাড়ের পাথর উত্তোলন ও বন ধ্বংসের কারণে অনেক ঝিরি ও পানির উৎস শুকিয়ে যাচ্ছে। তাই প্রকৃতি ও পরিবেশ রক্ষায় পাহাড়ের বন, ঝিরি ও পানির উৎস সংরক্ষণ করতে হবে।
পার্বত্য মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে দেশের ৪১টি জাতিসত্তার উন্নয়ন ও জীবনমান সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা, আর্থসামাজিক অবস্থা, সমস্যা, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয়তা চিহ্নিত করতে জরিপ পরিচালনা করা হচ্ছে। জরিপের তথ্য জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্যের ঘাটতি পূরণ করে প্রতিটি জনগোষ্ঠীর বাস্তব চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং কাউকে পিছিয়ে না রেখে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।
এ সময় সাজেক প্রসঙ্গে রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও তিনি সাজেকে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেছেন। তাদের মোট পাঁচটি দাবি ছিল। এর মধ্যে চারটি দাবি গ্রহণ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে। তবে একটি দাবি তাদের কাছে অসংগত ও বাস্তবসম্মত মনে হয়নি। সে দাবি নিয়ে তারা এগোতে চান না।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে আর পারস্পরিক আলোচনার সুযোগ হয়নি। সাজেকের বর্তমান পরিস্থিতি মূলত আইনশৃঙ্খলাজনিত বিষয়। এটি এখন ‘ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন’। বিষয়টিকে আইনশৃঙ্খলার দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করা উচিত।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, শিক্ষাবিদ নিরুপা দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা কাপ্তাই হ্রদ খনন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটনের উন্নয়ন সম্ভাবনা এবং এসব ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।
প্রতিনিধি/এসএস




