বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া সেই বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া সেই বিএনপি নেতা গ্রেফতার

‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির নেতা বোরহান মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

চেক প্রতারণার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এই নেতাকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে মধুখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। বোয়ালমারী থানা পুলিশের একটি দল মধুখালী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।

বোরহান মাহমুদ বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙামুলারকান্দি মওলা শেখের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দলীয় নেতাদের সঙ্গে প্রকাশ্য বিরোধ, বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে মব সৃষ্টির চেষ্টা, চাঁদাবাজি ও জিম্মি করার একাধিক অভিযোগে উঠার মধ্যেই চেক প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তার এক বছরের কারাদণ্ড হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ছিলেন।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’ পরদিন বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন তিনি। এ সময় দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও নানা মন্তব্য করতে শোনা যায়।

বোরহানের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দাদপুর ইউনিয়ন পরিষদের সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় সাহা তাকে ‘মবকারী’ আখ্যা দেন। এ কারণেই তিনি দলীয় পদ ছেড়েছেন।

এদিকে বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে একাধিক অভিযোগ তুলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, তিন-চার মাস আগে কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা নেওয়া হয়। পুলিশের সহায়তায় তিনি মোটরসাইকেল ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেন সঞ্জয়।

সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলার অভিযোগ রয়েছে বোরহানের বিরুদ্ধে। সর্বশেষ গত রোববার মুসা চেয়ারম্যানকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন সঞ্জয় সাহা। এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।

বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাকে মৌখিকভাবে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল। গত দুই-তিন দিন ধরে বোরহান দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। বোরহানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না বলেও উল্লেখ করেন সাবেক এই সংসদ সদস্য।

বোরহানের পদত্যাগের ঘোষণা এলেও উপজেলা বিএনপি এখনো কোনো লিখিত পদত্যাগপত্র পায়নি। এ বিষয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভা ডাকার কথা জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তিনি বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল ও বড় রাজনৈতিক দল। এখানে কারও ব্যক্তিগত উচ্চাভিলাষ বা বিশৃঙ্খল কর্মকাণ্ডের সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা বিএনপি সব সময় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমি দলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেব না। দলের স্বার্থে প্রয়োজনে জীবন দেব, তবু চাঁদাবাজি হতে দেব না।’ বোরহানের বিষয়ে সাংগঠনিক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

গ্রেফতারের কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসার ভেতর থেকে ফেসবুকে ভিডিও বার্তায় বোরহান মাহমুদ অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে একটি মামলায় তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বাসায় সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি।

আসামিকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বোরহান চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। মধুখালী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর