গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির মো. আব্দুল করিম বলেছেন, আমিরের দায়িত্ব কোনো পদ-পদবি বা সম্মানের বিষয় নয়; বরং এটি একটি আমানত ও গুরুদায়িত্ব। সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলা মেনে এ দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত উপজেলা ও পৌরসভা আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. আব্দুল করিম বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং মানুষের কল্যাণে কাজ করাই হবে প্রত্যেক দায়িত্বশীলের প্রধান লক্ষ্য। সততা, নিষ্ঠা ও জবাবদিহির মাধ্যমে সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার। এ ছাড়া গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছসহ অনেকে বক্তব্য দেন।
জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত আমিরদের শপথবাক্য পাঠ করান জেলা আমির মো. আব্দুল করিম।
শপথ গ্রহণকারীরা হলেন সুন্দরগঞ্জ উপজেলা আমির মো. সামিউল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, গাইবান্ধা পৌর আমির একেএম ফেরদৌস আলম, সাদুল্লাপুর উপজেলা আমির এরশাদুল হক ইমন, পলাশবাড়ী উপজেলা আমির মাওলানা একরামুল হক, গোবিন্দগঞ্জ উপজেলা আমির আশরাফুল ইসলাম রাজু, সাঘাটা উপজেলা আমির মাওলানা ইব্রাহীম হোসাইন এবং ফুলছড়ি উপজেলা আমির মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ।
প্রতিনিধি/এসএস




