শুল্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ৪০ লাখ টাকার চায়না কাপড়ের রোল ঢাকায় নেওয়ার পথে কাভার্ডভ্যানসহ চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেফতার ব্যক্তির নাম মো. নোমান (৩০)। সে ভোলা জেলার বোরহান উদ্দিন থানার আব্দুর রব মোল্লার ছেলে এবং কাভার্ডভ্যান চালক।
পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে চায়না কাপড়ের ১০০ টি রোল ঢাকায় নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় চেকপোস্টের দিকে আসা (ঢাকা মেট্রো-ন-২০-৬৪০৪) কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১০০টি প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন রঙের ১০০টি কাপড়ের রোল জব্দ করা হয়। প্রতি রোল কাপড় ৪০ হাজার টাকা করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের কাপড় জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান চালক পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া দিয়ে তাকে কাভার্ডভ্যানসহ আটক করা হয়।
জোরারগঞ্জ ওসি আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১০০ টি চায়না কাপড়ের রোলসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এছাড়া কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে কাভার্ডভ্যান চালক মো. নোমানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে




