বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় মানুষের নিরাপত্তা দিতে ডিসি-এসপি ব্যর্থ: এমপি আমির হামজা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় মানুষের নিরাপত্তা দিতে ডিসি-এসপি ব্যর্থ: এমপি আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

কুষ্টিয়ায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখারা সংলগ্ন জেলা জামায়াতের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় জামায়াতের কার্যালয় ও স্থানীয় জামায়াত নেতা মো. শাহজাহানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে জেলা জামায়াত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুফতি আমির হামজা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “কুষ্টিয়ায় মানুষের নিরাপত্তা দিতে ডিসি-এসপি ব্যর্থ হয়েছেন। জনগণের ট্যাক্সের টাকায় তাদের অযথা বেতন দিয়ে এখানে রাখা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। অথচ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। জুগিয়া ভাটাপাড়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

জেলা জামায়াতের নেতাদের দাবি, বুধবার রাতে জুগিয়া ভাটাপাড়ায় বিএনপি-সমর্থিত একদল সন্ত্রাসী অতর্কিতভাবে জামায়াতের কার্যালয় ও দলটির নেতা শাহজাহানের বাড়িতে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা ও শহর জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর