জাতীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সমৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’ পেয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ফেন্সি আইটেম ক্যাটাগরিতে দেশের অন্যতম সেরা খামারি হিসেবে তিনি এ রৌপ্য পদক অর্জন করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গীর হোসেনের হাতে পদক তুলে দেন।
জাহাঙ্গীর হোসেন কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামের বাসিন্দা। তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিত। বর্তমানে তিনি ‘ইত্যাদি ফেন্সি জোন’-এর স্বত্বাধিকারী এবং ‘কালুখালী ফ্যান্সি মুরগির খামার’-এর উদ্যোক্তা হিসেবে খামারটি পরিচালনা করছেন।
জানা গেছে, শখের বশে মাত্র দুই জোড়া বিদেশি জাতের মুরগি নিয়ে খামারটির যাত্রা শুরু করেন জাহাঙ্গীর হোসেন। পরবর্তী সময়ে তার নিষ্ঠা, পরিচর্যা ও উদ্যোক্তা মনোভাবের কারণে খামারটি বড় পরিসরে রূপ নেয়। বর্তমানে তার খামারে দেশি-বিদেশি নানা দুর্লভ ও আকর্ষণীয় জাতের মুরগি, ময়ূর, বিদেশি হাঁসসহ বিভিন্ন প্রজাতির শৌখিন পাখি রয়েছে। তার এ উদ্যোগ স্থানীয় তরুণদেরও উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করছে।
জাতীয় পর্যায়ে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাহাঙ্গীর হোসেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “শখের বশে শুরু করা একটি উদ্যোগ আজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে—এটি আমার জীবনের অন্যতম বড় অর্জন। এই পদক আমাকে আগামী দিনে প্রাণিসম্পদ খাতে আরও বড় পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
এ বিষয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, “জাহাঙ্গীর হোসেনের এই অর্জন পুরো জেলার প্রাণিসম্পদ খাতের জন্য অত্যন্ত গর্বের। শখের বশে শুরু করেও সঠিক পরিচর্যা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি যে সফলতা দেখিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তার এই জাতীয় স্বীকৃতি জেলার অন্যান্য খামারি ও বেকার তরুণদের নতুন উদ্যোক্তা হতে আরও উৎসাহিত করবে।”
এদিকে, জাহাঙ্গীর হোসেনের এ অর্জনে কালুখালী উপজেলাজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। নিজ এলাকার সন্তানের এমন সাফল্যে গর্ব প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ কর্মকর্তারা ও সাধারণ এলাকাবাসী।
প্রতিনিধি/এসএস




