গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি ও ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। একই কারণে খুলনা-ঢাকা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’-এর নির্ধারিত রুটের চলাচলও বাতিল করা হয়েছে। তবে বিকল্প পথে চলবে জাহানাবাদ এক্সপ্রেস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষের জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোছা. পারভীনা খাতুন বলেন, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ একটি পরিপত্র জারি করেছে। এতে বৃহস্পতিবার ৮২৮/৮২৭ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত রুটে চলাচল বাতিলের কথা জানানো হয়েছে।
রেলওয়ের পরিপত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা ও তৎসংলগ্ন এলাকার স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট মতামত বা তথ্য পাওয়া যায়নি। এ অবস্থায় রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রেলভবন, ঢাকার অনুমোদনক্রমে ট্রেন দুটি নির্ধারিত রুটে চলাচল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, সাময়িকভাবে বেনাপোল-যশোর-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত পথে চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জাহানাবাদ এক্সপ্রেস বিকল্প পথে চলাচল করবে।
তিনি জানান, খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বরের জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস চলাচল করবে। ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। অন্যদিকে খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বিকল্প রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনা স্টেশনে যাত্রাবিরতি করবে। এ ছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে হল্ট করবে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের আরেক স্টেশন মাস্টার আয়নাল হক বলেন, গত ১৯ নভেম্বর থেকেই বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ট্রেন চলাচল বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কার্যক্রম চালু রয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। হঠাৎ এ সিদ্ধান্তে বেনাপোল, যশোরসহ সংশ্লিষ্ট এলাকার যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
প্রতিনিধি/এসএস




