ঝালকাঠিতে গণপূর্ত বিভাগের ২৭ দশমিক ৬৯ শতাংশ জমি থেকে ১৫টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন ও গণপূর্ত বিভাগ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের কলেজ খেয়াঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাইনুল ইসলাম খান। এ সময় গণপূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হাদিসুর রহমান বলেন, গণপূর্ত বিভাগের জমি অবৈধভাবে দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। সেগুলো উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নির্দেশনা রয়েছে, সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। এ নির্দেশনার আলোকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি




