বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাগেরহাটে আমির হামজার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে আমির হামজার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, গত ১৮ নভেম্বর রাতে ফকিরহাট মডেল থানার ছোট বাহিরদিয়া গ্রামে এসএম আমির হামজা সাতিলের বসতবাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ১৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তভার নেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়।

5e4686f6-08c6-45fd-b144-afa470c0af34

অভিযানে খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকা থেকে শরীফুল ইসলাম শামীম (২৩) ও মাহমুদুন নবী (৩১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাট থানার মূলঘর এলাকার একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেল (২৬) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার শরীফুল ইসলাম শামীমের কাছ থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া মেহেদী হাসান রাসেলের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় দায়ের করা মামলাটি বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক) ধারায় তদন্তাধীন রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর