মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে স্থানীয় বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ মোল্লা এবং অপর সম্ভাব্য প্রার্থী বিএনপি নেতা রহিম মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে এলাকার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া ও সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। নিহতের খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়েই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




