ফেনীর দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে থানার ওসি ফয়জুল আজিম নোমানের কথোপকথনের দুটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) তাকে ফেনী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অডিও দুটি ছড়িয়ে পড়ে। এতে ওসির মাইগ্রেনের ব্যাথা সারাতে ওই নারী নেত্রীকে রাতে ওসির সরকারি বাসভবনে ডাকার কথোপকথন এবং দুই লাখ টাকা ঘুষ লেনদেনের প্রসঙ্গ শোনা যায়।
পরে এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গত ১০ নভেম্বর রাতে গ্রেফতারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। জামিনে আসার পর ফোন করে তাকে ওসির বাসভবনে যেতে বলা হয়।
ঘটনাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর বুধবার ওসিকে প্রত্যাহার করা হয়। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়ার কথা নিশ্চিত করেছেন।
ঘুষ গ্রহণ ও শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে ওসি ফয়জুল আজিম বলেন, ভাইরাল অডিওতে কণ্ঠটি তার। তবে অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও আসামি গ্রেফতারের কৌশল হিসেবে তিনি ওই নেত্রীকে বাসায় আসতে বলেছিলেন।
ফেনী জেলা পুলিশ জানিয়েছে, ভাইরাল অডিওর সত্যতা যাচাইয়ে ফ্যাক্ট-চেকিং তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত আগস্টে আদালতের নির্দেশ অমান্য করে মামলা না নেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই ওসিকে প্রত্যাহারের আদেশ দিয়েছিলেন। তবে তখন তিনি বদলি হননি।
প্রতিনিধি/টিবি




