বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাহাড়ের বুকে আক্কাছ আলীর ফলের রাজ্য

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ 
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

পাহাড়ের বুকে আক্কাছ আলীর ফলের রাজ্য
আক্কাছ আলীর বারোমাসি ফলের দোকান

চারদিকে সবুজ পাহাড়। পাহাড়ের বুক চিরে চলে গেছে পুরাতন মহাসড়ক। পথের দু’পাশে টিলা আর গাছপালার সবুজ ছায়া। হঠাৎ পথের পাশে চোখে পড়ে নানা রঙের ফলে সাজানো একটি ছোট্ট দোকান। কাছে গেলেই নাকে আসে পাকা আনারসের মিষ্টি গন্ধ। 

কেউ গাড়ি থামিয়ে ফল কিনছেন, কেউ আবার আনারস হাতে নিয়ে পাশের টিলায় বসে পড়ছেন। পাহাড়ি প্রকৃতির মাঝে এমন দৃশ্য যেন পথের ক্লান্তি মুহূর্তেই ভুলিয়ে দেয়। এ দৃশ্য হবিগঞ্জের বাহুবল উপজেলার মুচাই পাহাড়ি বাজারের।

কামাইছড়া থেকে পুরাতন মহাসড়ক ধরে প্রায় পাঁচ কিলোমিটার এগোলেই মুচাই বাজার। আর বাজারে প্রবেশ করতেই দেখা মেলে মো. আক্কাছ আলীর বারোমাসি ফলের দোকান। প্রায় দুই দশক ধরে এই দোকানটিই তার জীবিকার অবলম্বন। পাহাড়ি এলাকার বিভিন্ন বাগান থেকে ফল সংগ্রহ করে এনে তিনি প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রি করেন।

তার দোকানে একসঙ্গে পাওয়া যায় আনারস, পেঁপে, কলা, আম, মাল্টা, লেবু, কাঁঠাল ও নাগা মরিচসহ পাহাড়ি এলাকার বিভিন্ন ফল। মৌসুম বদলায়, ফল বদলায়; কিন্তু আক্কাছ আলীর দোকানের ব্যস্ততা যেন বদলায় না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের সামনে ক্রেতাদের আনাগোনা। কেউ বাড়ির জন্য ফল কিনছেন, আবার কেউ গাড়ি থামিয়ে সেখানেই ফল খেয়ে নিচ্ছেন। কেউ আনারস হাতে নিয়ে পাশের টিলায় বসে পড়ছেন। আবার কেউ পাকা পেঁপে কেটে দেওয়ার অনুরোধ করছেন। আক্কাছ আলীও হাসিমুখে ক্রেতাদের চাহিদা অনুযায়ী ফল কেটে দিচ্ছেন। চারপাশের পাহাড়ি পরিবেশ আর টাটকা ফলের স্বাদ-দুটির সমন্বয়েই যেন এই দোকানের আলাদা আকর্ষণ।

ক্রেতা সাজিদ মিয়া বলেন, ‘চারদিকে সবুজ পাহাড়। মাঝখান দিয়ে পুরাতন মহাসড়ক। এই সড়ক দিয়ে যাওয়ার সময় মুচাই বাজারে ফলের দোকানটি চোখে পড়ে। গাড়ি দাঁড় করিয়ে পাহাড়ি আনারস খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। বাড়ির জন্যও কয়েকটি আনারস কিনে নিয়ে যাচ্ছি।’

গাড়িচালক সজিব মিয়াও এই দোকানের ফলের স্বাদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘দোকানে বসে পাকা আনারস খেয়ে তৃপ্তি পেয়েছি। এর আগেও এখান থেকে আনারস খেয়েছি। এখানকার ফল খেয়ে মনে হয়েছে বেশ টাটকা ও ভালো মানের।’

মুচাইয়ের এই ফলের দোকানে শুধু স্থানীয় ক্রেতাই নন, দূর-দূরান্তের যাত্রীরাও থামেন। ঢাকার বাসিন্দা পলি আক্তার গাড়িযোগে শ্রীমঙ্গলে যাওয়ার পথে দোকানটি দেখতে পান। টাটকা ফল দেখে গাড়ি থামিয়ে কিনে নেন কয়েকটি পেঁপে ও আনারস।

পলি আক্তারের মতো প্রতিদিন অসংখ্য মানুষ পথের মাঝে গাড়ি থামিয়ে ফল কিনছেন। কেউ পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন, কেউ আবার পাহাড়ি পরিবেশে দাঁড়িয়েই ফলের স্বাদ নিচ্ছেন।

আক্কাছ আলীর বাড়ি বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে। আব্দুল আলীর ছেলে তিনি। প্রায় ২০ বছর আগে পাহাড়ি এলাকায় ফল বিক্রির মাধ্যমে যে পথচলা শুরু করেছিলেন, আজও সেই ব্যবসা ধরে রেখেছেন।

আক্কাছ আলী বলেন, ‘পাহাড়ি এলাকার বিভিন্ন বাগান থেকে আনারস, কলা, মাল্টা, কাঁঠাল, পেঁপে, নাগা মরিচ, আম ও লেবু কিনে এনে দোকানে বিক্রি করি। প্রায় ২০ বছর ধরে এভাবেই ব্যবসা করছি। মানুষ আমাকে চেনে এবং আমার দোকান থেকে ফল কিনে।’

তিনি জানান, প্রতিদিন ফল বিক্রি করে প্রায় ৭০০ থেকে ১ হাজার টাকা লাভ হয়। ছোট্ট এই ব্যবসা দিয়েই দীর্ঘদিন ধরে সংসারের খরচ চালিয়ে আসছেন তিনি।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, ‘আক্কাছ আলী দীর্ঘদিন ধরে বারোমাসি ফল বিক্রি করছেন। মানুষ তার দোকানে এসে ফল কিনছেন, অনেকে আবার দোকানে বসে খেয়ে যাচ্ছেন। তিনি পাহাড়ি এলাকার বিভিন্ন বাগান থেকে ফল সংগ্রহ করে থাকেন।’

আক্কাছ আলীর কাছে ব্যবসার সবচেয়ে বড় সম্পদ টাকা নয়-ক্রেতার আস্থা। তাই দীর্ঘ ২০ বছর ধরে তিনি চেষ্টা করে যাচ্ছেন ভালো মানের ও টাটকা ফল সরবরাহ করতে।

মুচাই পাহাড়ি বাজারের এই ছোট্ট দোকানটি তাই এখন শুধু একটি ফল বিক্রির স্থান নয়। এটি হয়ে উঠেছে পাহাড়ি পথের যাত্রীদের পরিচিত একটি বিরতির জায়গা। গাড়ির চাকা থামে, মানুষ নামে, হাতে তুলে নেয় পাহাড়ি আনারস কিংবা পাকা পেঁপে। কেউ ফল নিয়ে বাড়ির পথে ফেরেন, কেউ আবার পাহাড়ের সবুজের মাঝে দাঁড়িয়ে সেখানেই উপভোগ করেন প্রকৃতি ও ফলের স্বাদ।

সবুজ পাহাড়ের নীরবতার মাঝে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আক্কাছ আলীর দোকানে চলে ফলের বেচাকেনা। এই ছোট্ট দোকানেই লুকিয়ে আছে একজন পরিশ্রমী মানুষের দুই দশকের জীবনসংগ্রাম, ক্রেতার ভালোবাসা আর নিজের পায়ে দাঁড়ানোর এক অনুপ্রেরণাময় গল্প।

পাহাড়ের বুকের সেই ছোট্ট ফলের দোকান যেন পথিকের জন্য বলে-একটু থামুন, পাহাড় দেখুন, টাটকা ফলের স্বাদ নিন, তারপর আবার ছুটে চলুন গন্তব্যের পথে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর