ফেনীতে সড়ক সংস্কারের কাজে ব্যবহারিত একটি রোলার মেশিনে পৃষ্ঠ হয়ে মো. নীরব (১৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত নীরব নেত্রকোনা জেলার বানিয়ারী থানার বটতলী ইউনিয়নের মোহনগঞ্জ এলাকার হাসেমের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মালিপুর-স্টার লাইন সড়কের উন্নয়নকাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন নীরব। কাজের ফাঁকে তিনি রাস্তার ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় লোহার চাকার রোড রোলারের চালক নুর আলম (৪২) গাড়িটি পিছিয়ে নেওয়ার সময় পেছনে নীরব বসে আছেন তা খেয়াল করতে পারেননি। এতে রোলারের ধাক্কায় নীরবের বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় সাইট ম্যানেজার মো. তারেকসহ সহকর্মীরা দ্রুত তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে সড়ক নির্মাণকাজে শ্রমিক হিসেবে ময়মনসিংহ থেকে ফেনীতে এসেছিলেন নীরব। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রানীরহাট বাজার সড়কের পাশে বিরিঞ্চি ব্রিকস ওয়ার্কস এলাকায় থাকতেন।
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/ এজে




