চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. রুবেল ব্যাপারী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। চাঁদপুর সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজাসহ রুবেলকে আটক করা হয়।
গ্রেফতার রুবেল ব্যাপারী পটুয়াখালী সদর থানার মিঠাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আজাহার ব্যাপারী এবং মায়ের নাম মোসা. রানী বেগম।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছেন, কুমিল্লা বাসস্ট্যান্ড থেকে গাঁজা সংগ্রহ করে পটুয়াখালী সদর এলাকায় নিয়ে যাওয়ার উদ্দেশে তিনি তা বহন করছিলেন।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এসএস




