বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে বিএনপি নেতার ওপর হামলা, সাত মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে বিএনপি নেতার ওপর হামলা, সাত মামলার আসামি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে তারেক জিয়া পরিষদের জেলা সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জহিরুল ইসলামের ওপর হামলার ঘটনায় তুষার ইমরান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য কালিয়াকৈর থানা হেফাজতে নেওয়া হয়। গ্রেফতার তুষার ইমরান কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাতে জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জহিরুল ইসলাম নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে স্থানীয় জামালপুর চৌরাস্তা এলাকার আইএফআইসি ব্যাংকের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে তুষার ইমরানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে হকিস্টিক, লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত ও পায়ে আঘাত করে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন তার ভাই মনির হোসেন বাদী হয়ে তুষার ইমরানসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বিএনপি নেতা জহিরুল ইসলামের ওপর হামলার মামলায় তুষার ইমরানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় সাতটি মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর