চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামে বদর উদ্দিন (৫৩) নামে এক মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে কামড়িয়ার বিলসংলগ্ন মুক্তার মেম্বারের পুকুর ও মাছের ঘেরের কাছে নিজের জমিতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত সামছদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলের পাশে একটি ছোট অস্থায়ী কুঁড়েঘর ছিল। সেখানে যাতায়াত করতেন বদর উদ্দিন। পাশাপাশি তিনি মাছের ঘেরও পাহারা দিতেন। মঙ্গলবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে বদর উদ্দিনের ছেলে সুমন প্রথমে তার বাবাকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা গিয়ে দর্শনা থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ভাষ্য, বদর উদ্দিনের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এমআর




