বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছত্রভঙ্গ করলো পুলিশ

উপজেলা প্রতিনিধি, সাভার
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

শেয়ার করুন:

সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছত্রভঙ্গ করলো পুলিশ
ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা যথাসময়ে কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। তারা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের সচল কারখানাগুলোতে গিয়ে অন্য শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টার অভিযোগও উঠেছে।

একপর্যায়ে শ্রমিকেরা বাগবাড়ি মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকেরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে বাগবাড়ি মোড় ও হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে টহল জোরদার করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি জানান, এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ও উদ্ভূত পরিস্থিতির কারণে ৯টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর