বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

পার্লারে কাজের লোভ দেখিয়ে যৌনপল্লীতে কিশোরী বিক্রি, অবশেষে উদ্ধার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৯ এএম

শেয়ার করুন:

পার্লারে কাজের লোভ দেখিয়ে যৌনপল্লীতে কিশোরী বিক্রি, অবশেষে উদ্ধার
রাজবাড়ী জেলা ম্যাপ।

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া ১৬ বছর বয়সের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে যৌনপল্লীর বাড়িওয়ালি কোহিনূর আক্তারকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। 

গ্রেফতার কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মো. রইচ মণ্ডলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার ওই কিশোরী ঢাকার সাভার এলাকার একটি পোশাক কারখানায় কাজ করত। গত ১৯ নভেম্বর ভালো বেতনে বিউটি পার্লারে কাজ দেওয়ার লোভ দেখিয়ে নারী পাচারকারী চক্রের অজ্ঞাতপরিচয় এক নারী তাকে সাভার থেকে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসেন। সেখানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিশোরীকে বাড়িওয়ালি কোহিনূরের কাছে বিক্রি করে দেওয়া হয়।

উদ্ধার কিশোরীর ভাষ্য, বিক্রির পর থেকেই কোহিনূর তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেহব্যবসায় বাধ্য করছিলেন।

গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর সুযোগ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে ওই কিশোরী। 

স্থানীয়রা জানায়, পালানোর সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ তার লোকজন কিশোরীকে ধাওয়া করেন। একপর্যায়ে সে দৌড়ে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন স্টেশন শহীদ মিনার এলাকার মো. দেলোয়ার হোসেনের দোকানে গিয়ে আশ্রয় নেয় এবং উদ্ধারের আকুতি জানায়। পরে স্থানীয়দের খবরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

কিশোরী জানিয়েছে, যে নারী তাকে লোভ দেখিয়ে দৌলতদিয়ায় নিয়ে এসেছিলেন, তার নাম সে জানে না- তবে দেখলে চিনতে পারবে।

গোয়ালন্দঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার কোহিনূর আক্তারকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে এবং পাচারকারী চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর