চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে গুলি চালিয়ে ৬ জনকে আহত করার ঘটনায় ফেসবুকে দায় স্বীকার করে একটি পোস্ট দিয়েছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। এসময় তিনি আহতদের কারো আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে তাকে ম্যাসেন্জারে ম্যাসেজ দেওয়ার কথাও উল্লেখ করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করেন রায়হান।
এর আগে, সোমবার রাত ৮টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন।
গুলিবিদ্ধরা হলেন- জামাল উদ্দিন, শওকত হোসেন, মো. ইসমাইল, এনাম মুন্সি, মো. ইউসুফ ও হাসেম। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ফেসবুকে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, কয়েকজন বিএনপি নেতা তাকে আওয়ামীপন্থি মনে করে গাড়ি আটকানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালান। ঘটনার পর তাকে ধরতে রাতভর অভিযান চালিয়েও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আহতদের উদ্দেশে তিনি বলেন, কেউ অসহায় হলে বা আর্থিক সহায়তার প্রয়োজন হলে ইনবক্সে যোগাযোগ করবেন, ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা জেনে নেওয়ার কথাও উল্লেখ করেন রায়হান।
সোমবার রাতে ফটিকছড়ির ঝংকার মোড় এলাকা থেকে বোরকা পরা চার থেকে পাঁচজন একটি অটোরিকশায় করে চুঁরখারহাট বাজারে আসেন। বাজারের মোড়ে পৌঁছে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। পরে চৌমুহনীর দিকে চলে যান। সেখানেও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যান তারা।
এই ঘটনার পর অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। জাবেদের দাবি, অস্ত্রের মুখে তাকে জিম্মি করে রাখা হয়। রায়হানদের কথামতো গাড়ি চালাতে বাধ্য করা হয়।
এ ঘটনার পর সুয়াবিল এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রায়হানকে খুঁজে বের করার আহ্বান জানাতেও দেখা যায় পুলিশ কর্মকর্তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আপনারা মসজিদের মাইকে ঘোষণা দেন, এইখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান লুকিয়ে রয়েছে। ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে।’ যদিও বরাবরের মতোই চোর-পুলিশ খেলায় বিজয় হয় রায়হানের।
যদিও রায়হানসহ তার সঙ্গীদের ধরতে অভিযান চলছে বলে দাবি করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ। তিনি জানান, পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্ডেট আসামি রায়হানকে ধরতে অভিযান চলছে।
পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের অভিযোগ, বড় সাজ্জাদের বাহিনীর হয়ে চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ রায়হান আলম রায়হান উদ্দিন বা ‘শুটার রায়হান’ নামেও পরিচিত। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে।
প্রতিনিধি/এলএ




