বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

কাশিয়ানীতে ৩ দিন পর একই প্রশ্নপত্রে স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম

শেয়ার করুন:

কাশিয়ানীতে ৩ দিন পর একই প্রশ্নপত্রে স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত
কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়। ছবি: ঢাকা মেইল

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্টের স্থগিত হওয়া পরীক্ষা তিন দিন পর একই প্রশ্নপত্রে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের মধ্যে সমান প্রতিযোগিতার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

গত রোববার (২২ নভেম্বর) উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা হয়। এর আগে ১৯ নভেম্বর একই বিষয়ের পরীক্ষা উপজেলার অন্য ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর ‘প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িসহ মহেশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়। তবে বাকি ১৩টি কেন্দ্রে যথারীতি পরীক্ষা হয়।

পরবর্তীতে তিন দিন পর ২২ নভেম্বর স্থগিত পরীক্ষাটি নেওয়া হয়। এতে মহেশপুর ইউনিয়নের ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। 

অভিযোগ উঠেছে, এ পরীক্ষায় ১৯ নভেম্বর অন্য ১৩টি কেন্দ্রে ব্যবহৃত একই প্রশ্নপত্র দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, উপজেলার অধিকাংশ কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার তিন দিন পর একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় মহেশপুর ইউনিয়নের শিক্ষার্থীরা আগে থেকেই প্রশ্ন সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ ব্যাহত হয়েছে। পাশাপাশি অন্য ১৩টি ইউনিয়নের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি হয়েছে।

এ বিষয়ে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মামনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সময় স্বল্পতার কারণে নতুন করে প্রশ্নপত্র করা সম্ভব হয়নি। তাই আগের প্রশ্নপত্র দিয়েই স্থগিত পরীক্ষাটি নেওয়া হয়েছে।’

কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে দেখব।’

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর