মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলেন মনোয়ার, ছিনতাইকারী কেড়ে নিল প্রাণ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম

শেয়ার করুন:

চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলেন মনোয়ার, ছিনতাইকারী কেড়ে নিল প্রাণ

চাকরির পরীক্ষা দিতে ঢাকায় গিয়েছিলেন মনোয়ারুল ইসলাম মনোয়ার (২৭)। পরীক্ষা শেষে রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু সেই ফেরা আর হলো না তার। পথে ছিনতাইকারীদের কবলে পড়ে মুঠোফোন হারানোর পাশাপাশি প্রাণও হারাতে হলো তাকে। এই ঘটনায় জড়িত চারজনকে আটক করে পুলিশ।

নিহত মনোয়ারুল ইসলাম পাবনা সদর উপজেলার টেবুনিয়া এলাকার ঘরনাগড়া গ্রামের মো. নওশেরের ছেলে।

আটক চারজন হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের মো. আকাশ (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মোরদহ গ্রামের মো. আব্দুর রহিম (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. রাব্বি আলী হৃদয় ও নারায়ণগঞ্জ সদর এলাকার পাহাড়িয়া গ্রামের লিজা খাতুন (১৬)।

গাজীপুরের কোনাবাড়ী উপজেলার প্রতাপপুর এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাকে। মঙ্গলবার (২৪ নভেম্বর) নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে একটি মুঠোফোনের সূত্র ধরে চারজনকে আটক করার পর সামনে আসে ঘটনার চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ জানায়, সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে রাজশাহীর উদ্দেশে রওনা হন মনোয়ারুল। রাত দেড়টার দিকে ট্রেনটি গাজীপুরের কোনাবাড়ী এলাকার প্রতাপপুরে পৌঁছালে ছাদে থাকা কয়েকজনের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ৮টার দিকে রেলকর্মীরা কাজ করতে গিয়ে রেললাইনের পাশে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। 

অন্যদিকে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে চা খেতে যান আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল মো. আব্দুস সালাম। এ সময় স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকা চারজনকে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করেন। তাদের কথাবার্তায় সন্তুষ্ট হতে না পেরে কনস্টেবল আব্দুস সালাম স্থানীয়দের সহায়তায় তাদের পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যান।

আটকদের একজন আকাশের কাছে একটি মুঠোফোন পাওয়া যায়। সেটির বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি ফোনটি ছিনতাই করা বলে জানান। একই সঙ্গে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রেনের ছাদে মনোয়ারুলের মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন তিনি। 

এরপর মুঠোফোনে সংরক্ষিত নম্বরের সূত্র ধরে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাহের আলী মনোয়ারুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে তার বাবা মো. নওশের আব্দুলপুরে এসে মুঠোফোনটি ছেলের বলে শনাক্ত করেন। পরে কোনাবাড়ী এলাকায় মরদেহ উদ্ধারের খবরের সঙ্গে এ ঘটনার যোগসূত্র পাওয়া যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আটকদের মঙ্গলবার সন্ধ্যায় আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর