মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে অনলাইন ডেটিং প্রতারণা চক্রের ৭ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে অনলাইন ডেটিং প্রতারণা চক্রের ৭ সদস্য গ্রেফতার

ময়মনসিংহে নারীদের ছবি ব্যবহার করে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইটে লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

পুলিশের দাবি, গত তিন মাস ধরে সক্রিয় চক্রটি ডেটিং ও অনলাইন চ্যাটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল।

প্রাথমিক তথ্যমতে, এ চক্রের প্রতারণার শিকার হয়েছেন শতাধিক ব্যক্তি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশ সুপার জানান, চক্রটি আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে দেশি-বিদেশি মোবাইল নম্বরের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রলুব্ধ করত। ডেটিং বা অনলাইন চ্যাটিংয়ের সুযোগ পেতে আগ্রহীদের নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে বলা হতো। তবে বাস্তবে কোনো নারী নয়, চক্রের পুরুষ সদস্যরাই নারী পরিচয়ে অনলাইনে চ্যাটিং করত। এভাবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, গোপন সংবাদে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের শনাক্ত করে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। ময়মনসিংহ নগরের কোতোয়ালি মডেল থানার ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাতজনই পুরুষ এবং তারা ময়মনসিংহের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এসব ডিভাইস পরীক্ষা করে নারীদের বিভিন্ন ছবি, পর্নোগ্রাফিক ছবি এবং বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জব্দ আলামত আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

পুলিশের দাবি, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, চক্রটির প্রতারণার শিকার হয়েছেন শতাধিক ব্যক্তি। তবে কতজনের কাছ থেকে কী পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে, তা গ্রেফতারদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানা যাবে।

চক্রটিতে আরও সদস্য রয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, তদন্তে কয়েকজন নারীর সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরও জানান, এ ধরনের আরও কয়েকটি অ্যাপের ওপর নজরদারি করছে পুলিশ। আগামী এক সপ্তাহের মধ্যে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের আশা প্রকাশ করেন তিনি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর