নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ৮ বছরের শিশু কাইয়ুম হত্যা মামলায় আমিনুল ইসলাম নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বর্গাচাষি আমিনুল ইসলামের সঙ্গে প্রতিবেশী গোলাম রব্বানীর তিন বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০০০ সালের ৩ ফেব্রুয়ারি বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল ইসলামসহ ২৫ /৩০ জনের একটি দল গোলাম রব্বানীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ হামলায় গোলাম রব্বানী ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়। একপর্যায়ে গোলাম রব্বানীর ৮ বছর বয়সী ছেলে কাইয়ুমকে ফলা দিয়ে আঘাত করা হলে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আসামিরা তাকে রড দিয়ে বেধড়ক মারধর করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্বজনেরা কাইয়ুমকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন ৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গোলাম রব্বানী বাদী হয়ে ২৮ জনকে আসামি করে সিংড়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ২৬ বছর মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আদালতের বিচারক আজ মঙ্গলবার আসামি আমিনুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্যান্য আসামিদের খালাস প্রদান করেন।
প্রতিনিধি/এজে




