মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসন করা হবে’ 

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

‘বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসন করা হবে’ 

চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম গতিশীল করা এবং নগরবাসীর দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ লাঘবে বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। 

এ লক্ষ্যে সল্টগোলা ক্রসিংয়ে আধুনিক গোলচত্বর ও সেতু নির্মাণ, বন্দরের পণ্যবাহী যানবাহনের জন্য পৃথক লেন স্থাপন এবং ভারী যানবাহন চলাচলকারী গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আরসিসি সড়কে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শনকালে এসব পরিকল্পনার কথা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। 

তিনি বলেন, সল্টগোলা ক্রসিংয়ে একটি বড় গোলচত্বর ও প্রয়োজনীয় সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্দরের পণ্যবাহী ভারী যানবাহন চলাচলের জন্য পৃথক ডেডিকেটেড লেন নির্মাণ করা হবে। এতে বন্দরের পণ্যবাহী যানবাহন ও সাধারণ যানবাহনের চলাচল পৃথক করা সম্ভব হবে। 

ফলে যানজট কমার পাশাপাশি বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমে গতি আসবে। সড়ক সম্প্রসারণ ও ডেডিকেটেড লেন নির্মাণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন প্রয়োজনীয় জায়গা ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতার মাধ্যমে বন্দর এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও দীর্ঘদিনের যানজট নিরসন সহজতর হবে। 

ডা. শাহাদাত হোসেন বলেন, বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট ব্রিজ পর্যন্ত বন্দরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ সড়কসহ আগ্রাবাদ এক্সেস রোড ও আগ্রাবাদ পিসি রোডকে আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) সড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এসব সড়ক দিয়ে প্রতিদিন বন্দরের বিপুলসংখ্যক ভারী পণ্যবাহী যানবাহন চলাচল করে। অতিরিক্ত ভার বহনের কারণে প্রচলিত বিটুমিনাস কার্পেটিং সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। ফলে বারবার সংস্কারের প্রয়োজন হয় এবং জনগণের দুর্ভোগ বাড়ে। আরসিসি সড়ক নির্মাণ করা হলে সড়কের স্থায়িত্ব বাড়বে, দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে এবং টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে উঠবে। 

সড়ক নির্মাণে আধুনিক ডাক্ট সিস্টেম সংযোজনের পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, প্রস্তাবিত আরসিসি সড়কগুলোতে সমন্বিত ইউটিলিটি ডাক্ট সিস্টেম রাখা হবে। এর মাধ্যমে পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ও অন্যান্য সেবা সংস্থার লাইন পরিকল্পিতভাবে স্থাপন করা যাবে। 

তিনি আরও বলেন, ভবিষ্যতে এসব সংযোগের মেরামত, রক্ষণাবেক্ষণ কিংবা নতুন সংযোগ স্থাপনের জন্য বারবার সড়ক খননের প্রয়োজন হবে না। এতে সড়কের স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট যানজট, জনদুর্ভোগ ও সরকারি অর্থের অপচয় কমানো সম্ভব হবে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর