মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: ঢাকা মেইল

‘বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, আপনারা দুঃস্বপ্ন দেখবেন না। ভারতে বসে আজ দেশকে অশান্ত করতে ষড়যন্ত্র এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। গোপালগঞ্জের মতো পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে করার চেষ্টা করা হচ্ছে। তবে রাজবাড়ীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করার কোনো সুযোগ দেওয়া হবে না। সবাই সতর্ক থাকবেন। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে তাকে শক্ত হাতে প্রতিহত করবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে শহরের রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জেলার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে বড় বড় কর্মসূচি হাতে নিচ্ছেন। সেখানে রাজবাড়ীও পিছিয়ে নেই। রাজবাড়ীতে পদ্মা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা সেতু, বৃহত্তর রেলওয়ে ওয়ার্কশপ এবং পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সবার সহযোগিতায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী সময়ের সাথে তুলনা করে তিনি আরও বলেন, দেখিয়ে দিতে চাই, পাঁচ-ছয়বার এমপি থেকেও যে উন্নয়ন হয়নি, আগামী চার বছরে রাজবাড়ী জেলায় তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হবে।

এর আগে বিকেলে জেলা শহরের পান্না চত্বর এলাকা থেকে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় এবং জনসমাবেশে রূপ নেয়।

 সমাবেশ সফল করতে বিকেল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুক্তমঞ্চ এলাকায় জড়ো হন।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারীর সভাপতিত্বে জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রীর ছেলে অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব এবং জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর