মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

মশা নিধনে উদ্যোগ না নেওয়ায় মশারি টানিয়ে মিছিল

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

মশা নিধনে উদ্যোগ না নেওয়ায় মশারি টানিয়ে মিছিল

সিলেট নগরীতে বেড়েছে মশার উপদ্রব। এর কারণ হিসেবে মশা নিধনে সিলেট সিটি করপোরেশনের অপর্যাপ্ত উদ্যোগকে দায়ী করছেন অনেকেই। মশা নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় নগরবাসীর মাঝে বাড়ছে ক্ষোভ।

সেই ক্ষোভেরই অভিনব প্রকাশ ঘটল সড়কে। মশার উৎপাতের প্রতিবাদ জানাতে মশারি টানিয়ে প্রতীকী মিছিল করলেন সিলেট কল্যাণ সংস্থা নামের একটি সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এ কর্মসূচি শুরু করে সিলেট কল্যাণ সংস্থা। প্রতীকী মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের বলেন, সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত ওষুধ ছিটানো ও ফগার মেশিন ব্যবহারের কথা বলা হলেও মশার উপদ্রব কমছে না। ওষুধ ছিটানোর পরও মশা নির্মূল হচ্ছে না। বরং ছিটানো ওষুধ থেকে কেরোসিন বা পেট্রোলের মতো দুর্গন্ধ ছড়ায়। এক ঘণ্টার মধ্যেই আবার মশার উৎপাত শুরু হয়। ফলে দিন-রাত মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী।

অন্যান্য বক্তারা বলেন, একদিকে ডেঙ্গুর ঝুঁকি, অন্যদিকে মশার অসহনীয় উপদ্রব, সব মিলিয়ে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শুধু লোকদেখানো কর্মসূচি দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। মশা নিয়ন্ত্রণে কার্যকর ও মানসম্মত ওষুধ প্রয়োগের পাশাপাশি ড্রেন-নালা নিয়মিত পরিষ্কার করতে হবে। একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মশার উপদ্রবের পাশাপাশি নগরের ফুটপাত ও সড়ক অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ার বিষয়টিও সমাবেশে উঠে আসে। 

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বিচ্ছিন্ন উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব নয়। ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফুটপাত ও সড়কে নির্বিঘ্নে চলাচলের পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ জন্য সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত উদ্যোগ দাবি করেন সংস্থার নেতারা। তাদের মতে, নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে মশা নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

সমাবেশ থেকে দ্রুত মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় নগর ভবনের সামনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সংস্থার নেতারা।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর