তওবা করে গাঁজার ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন এক নারী। কিন্তু সেই সিদ্ধান্তের পর থেকেই তার ওপর নেমে আসে চাপ ও হুমকি।
অভিযোগ, মাদক বিক্রিতে ফিরতে রাজি না হওয়ায় ৪০ থেকে ৫০ জনের একটি দল হামলা চালিয়ে লুটপাট করেছে তার বাড়িসহ আশপাশের আরও দুটি বাড়িতে। লুট করে নেওয়া হয়েছে আটটি গরু, চারটি ছাগল, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও আসবাবপত্র।
এ ঘটনায় মাদক কারবারি হিসেবে অভিযুক্ত দিনেশ চন্দ্র ও সৈয়দপুর পৌরসভার সাবেক এক নারী কাউন্সিলরের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সৈয়দপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মোছা. রেজিয়া বেগম। তার পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান ভাগনি মোহনী বেগম। এ সময় রেজিয়ার স্বামী নজরুল ইসলাম এবং দুই বোন আনোয়ারা ও মরিয়ম নেছা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রেজিয়া বেগম বলেন, একসময় তিনি গাঁজার খুচরা বিক্রেতা ছিলেন। তবে প্রায় ছয় মাস আগে তওবা করে মাদক বিক্রি ছেড়ে দেন। এরপর থেকে গোলাহাট জেলেপাড়া এলাকার দিনেশ চন্দ্র তাকে আবারও মাদক বিক্রিতে ফেরার জন্য চাপ দিতে থাকেন। মাদকের চালান নিতে রাজি না হওয়ায় বাড়িঘরে হামলা ও লুটপাটের হুমকিও দেওয়া হয় তাকে।
রেজিয়ার অভিযোগ, এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর রাত ৯ টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল গোলাহাট বদ্ধভূমি সংলগ্ন তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। একই সময়ে আশপাশের আরও দুটি বাড়িতেও হামলা ও লুটপাট করা হয়।
এ হামলায় দিনেশ চন্দ্রের ইন্ধন এবং সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর সাবিয়া সুলতানার নেতৃত্ব ছিল বলে দাবি করেন ভুক্তভোগীরা।
তাদের দাবি, হামলায় নারী, শিশু ও দৃষ্টিপ্রতিবন্ধী এক বৃদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা আটটি গরু, চারটি ছাগল, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান তারা। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে গোলাহাটের ঘোড়াঘাট এলাকায় দিনেশ চন্দ্র ও সাবেক কাউন্সিলরের লোকজন পুলিশের গাড়ি আটকে দেয় বলে অভিযোগ করেন রেজিয়া।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থানায় গিয়ে অভিযোগ দিতে চাইলেও পুলিশ তা গ্রহণ করেনি। লুট হওয়া গরুসহ অন্যান্য মালামাল উদ্ধারের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কিছুই ফিরে পাননি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এ ঘটনায় গত ৬ নভেম্বর নীলফামারী জজ আদালতে তিনটি পৃথক মামলা দায়ের করেন রেজিয়া বেগম। মামলাগুলোতে সাবেক কাউন্সিলর সাবিয়া সুলতানাকে প্রধান বিবাদী করে মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলাগুলোর নম্বর সিআর-১১৭৪, সিআর-১১৭৯ ও সিআর-১১৮০।
সংবাদ সম্মেলনে রেজিয়া বেগম অভিযোগ করেন, হামলার পরও দিনেশ চন্দ্র তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। মুঠোফোনে দিনেশ তাকে আবারও গাঁজার ব্যবসা শুরু করতে বলেন। অন্যথায় তার স্বামী নজরুল ইসলামকে মাদক দিয়ে পুলিশে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন।
রেজিয়ার ভাষ্য, দিনেশ তাকে বলেছেন, আবারও মাদকের ব্যবসা শুরু করতে। থানা-পুলিশ ও রাজনৈতিক নেতাদের তিনি সামলে নেবেন। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে আদালতের আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।
ঘটনার প্রায় এক মাস পর মামলা ও সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে রেজিয়া বেগম বলেন, দিনেশ চন্দ্র ও সাবেক কাউন্সিলর সাবিয়া সুলতানার ষড়যন্ত্রের আশঙ্কা এবং নিরাপত্তাহীনতার কারণে তারা শুরুতে প্রকাশ্যে আসতে পারেননি। পরে আদালতে মামলা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিবরণ তুলে ধরেছেন।
এএইচ



