মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে হল প্রভোস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উভয়পক্ষের ছাত্রনেতাদের নিয়ে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। বৈঠকে আলোচনা পর্যালোচনা করে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিজন কুমার ব্রক্ষ্ম জানান, স্বাধীনতা হলের প্রভোস্ট মো. আল ফাহাদ ভূঁইয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- সদস্যসচিব জুলাই-৬ হলের সহকারি প্রভোস্ট দয়াল চন্দ্র রায় ও সদস্য সহকারী ছাত্র উপদেষ্টা বায়জীদ হাসান। কমিটিকে আগামী দশদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেনের একটি সিটকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ দুইজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা নিজেদের দোষ ঢাকতে আমার গ্রুপের ওপর দোষ চাপাচ্ছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর