টাঙ্গাইলের গোপালপুরে আরও একটি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ব্যাংকের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, সোমবার কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি চলে যান। পরে রাত আড়াইটার দিকে বিকট শব্দ ও আগুনের আভাস পেয়ে ভবনের ওপরের তলায় থাকা সহকর্মী, পিয়ন ও নৈশপ্রহরী জেগে ওঠেন। এ সময় নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, আগুনে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় তিনজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজ থেকেও হামলাকারীদের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
গোপালপুর থানার ওসি মো. মোরাদ হোসেন বলেন, হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাতে জেলার বাসাইল পৌরসভা ও নাগরপুর উপজেলার গয়হাটা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
পরপর এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন সচেতন নাগরিক মহলের প্রতিনিধিরা।
প্রতিনিধি/এসএস




