মাগুরার মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে বাঁধন কুন্ডু (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ধুপুড়িয়া কুন্ডুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বাঁধন ওই এলাকার কাপড় ব্যবসায়ী বিশ্বজিৎ কুন্ডুর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পাশের মিজানুর রহমান কাবুলের পুকুরে পড়ে যায় বাঁধন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সূচি মণ্ডল জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




