ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দলটির নেতারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।
দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান সরেজমিনে বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. হারুন, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, সালেহ আহমদ ও মোহাম্মদ মিয়ার হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান, সোনাগাজী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জিয়াউর রহমান, লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমির মুন্সি কামরুল ইসলাম, সেক্রেটারি জাহিদ হাসান, লেমুয়া বাজার কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, সহসভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারি আতাউর গনি ওসমান, সহকারী সেক্রেটারি মো. সোহেল, জামায়াতের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ড সভাপতি ইব্রাহিম বাবুলসহ স্থানীয় ব্যবসায়ীরা।
মুফতি আবদুল হান্নান বলেন, “জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। দলটির প্রতিষ্ঠার পর থেকে মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ীর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।”
প্রতিনিধি/এসএস




