চট্টগ্রামের মিরসরাইয়ে থানা-পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জহির উদ্দিন কমিশনার (৪৮)। সোমবার (২৩ নভেম্বর) রাতে মিরসরাই থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
গ্রেফতার অন্য দুজন হলেন মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম (৪৩) এবং মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহীন (২৬)।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, সোমবার মিরসরাই থানা এলাকাসহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




