মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

১০ বছর বয়সে আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি নিবির

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

১০ বছর বয়সে আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি নিবির
রাজবাড়ীর ক্ষুদে শিক্ষার্থী মুনতাছির আবিদ নিবির।

মাত্র ১০ বছর বয়সেই জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে রাজবাড়ীর ক্ষুদে শিক্ষার্থী মুনতাছির আবিদ নিবির। আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের পতাকা নিয়ে অংশ নেবে সে।

নিবির রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার ঘিকমলা গ্রামে। সে মো. আসাদুজ্জামান ও শিক্ষক নাসরিন বেগম দম্পতির সন্তান।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে কৃতিত্বের স্বাক্ষর রেখে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে নিবির। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সনদ ও মেডেল তুলে দেওয়া হয়।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই গণিত ও বিজ্ঞানের প্রতি নিবিরের গভীর আগ্রহ। ইন্টারনেটে বিজ্ঞানবিষয়ক বিভিন্ন ভিডিও দেখে জ্ঞান অর্জনের পাশাপাশি মোবাইল ফোনকেও পড়াশোনা ও শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করে সে। জাতীয় অলিম্পিয়াডে অংশ নেওয়ার ক্ষেত্রেও কারও চাপ ছিল না; নিজের আগ্রহ থেকেই অনলাইনে আবেদন করেছিল এই ক্ষুদে শিক্ষার্থী।

e464c72d-1f67-46b7-9d5a-34e9e14730a0

ছেলের এমন সাফল্যে উচ্ছ্বসিত মা নাসরিন বেগম বলেন, “ছোটবেলা থেকেই নিবিরের নতুন কিছু জানার আগ্রহ অনেক। আমরা সব সময় তার আগ্রহকে গুরুত্ব দিয়ে উৎসাহ ও সহযোগিতা করেছি। আন্তর্জাতিক মঞ্চেও সে দেশের সম্মান বয়ে আনবে—এটাই আমাদের প্রত্যাশা।”

নিবিরের এই অর্জনে গর্বিত বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও। নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার বলেন, “নিবির অত্যন্ত মেধাবী ও কৌতূহলী একজন শিক্ষার্থী। তার এই অর্জনে আমরা সবাই গর্বিত। আশা করি, আন্তর্জাতিক অলিম্পিয়াডেও ভালো ফলাফল করে দেশের সুনাম বয়ে আনবে।”

এদিকে নিবিরের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। তিনি বলেন, “মাত্র ১০ বছর বয়সে নিবিরের এমন অর্জন পুরো বালিয়াকান্দির জন্য গর্বের বিষয়। তার এই স্বপ্নযাত্রায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আমরা চাই, আন্তর্জাতিক মঞ্চে সে দেশের মুখ উজ্জ্বল করুক।”

পরিবার, শিক্ষক ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এখন আন্তর্জাতিক অলিম্পিয়াডের প্রস্তুতি নিচ্ছে নিবির। দক্ষিণ কোরিয়ার মঞ্চে নিজের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখে দেশের সুনাম বাড়াবে—এমন প্রত্যাশা পরিবার, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর