জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক কারারক্ষী ও এক কলেজছাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।
পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তার সঙ্গে দেখা করেন। সেদিন রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ব্যারাকে না ফিরে ওয়াজেদ আলী জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন।
তাদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে থানায় গিয়ে দেখা যায়, ওয়াজেদ আলীকে হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।
কলেজছাত্রী বলেন, রাতে হাসপাতালে থাকার সময় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন। তার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, তা তিনি চান না। এ ঘটনায় তিনি কোনো মামলা করবেন না বলেও জানান।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।
জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর পুনরায় দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। থানার পুলিশ বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস




