মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে শৌচাগারের পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের মরদেহ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে শৌচাগারের পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের মরদেহ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিজ বাড়ি থেকে চম্পা বেগম (৪০) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বীর সিংজুরী গ্রামে বাড়ির শৌচাগারের পাশে তার মরদেহ পাওয়া যায়। চম্পা বেগম ওই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়া উপজেলার তারাসীমা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চম্পা বেগম। দিন শেষে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে মঙ্গলবার সকালে বাড়ির শৌচাগারের পাশে তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তার গলায় দাগের চিহ্ন ছিল। এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে চম্পার শাশুড়ি হাসনা বেগম (৬৫) প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান। এ সময় শৌচাগারের পাশে ছেলেবউয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। মরদেহের পাশে চম্পার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগও পড়ে ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। প্রায় দুই বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করে ছোট স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস শুরু করেন। এরপর চম্পা এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন। তিনি সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় তারাসীমা অ্যাপারেলস নামের পোশাক কারখানায় কাজ করতেন।

এ বিষয়ে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। চম্পা বেগমের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর