ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ চার নেতার বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তবে সীমান্তের ওপারে আওয়ামী লীগের নেতাদের বৈঠকের বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।
এর আগে গত রবিবার (২২ নভেম্বর) ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন নাফিজ ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কয়েকজন পলাতক নেতার জড়ো হয়ে বৈঠক করার খবর ছড়িয়ে পড়ে।
এ খবরের পর রবিবার রাত থেকেই সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। বিশেষ করে রাতে সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে অপ্রয়োজনে রাতে সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করার জন্যও সতর্ক করা হয়েছে।
সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট, রঘুনাথপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা ও দৌলতপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদেরও বিজিবি সদস্যদের সঙ্গে রাত জেগে পাহারা দিতে দেখা গেছে।
শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
এদিকে গতকাল রবিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ, লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। এতে বন্দরের হাজার হাজার শ্রমিক অংশ নেন।
সমাবেশে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। বেনাপোল দিয়ে আসার চেষ্টা করলে তাঁকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বৈঠকের খবর জানেন না ভারতীয় ব্যবসায়ী নেতা
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আওয়ামী লীগের শীর্ষ চার নেতা পেট্রাপোল সীমান্ত ঘুরে গেছেন—এমন কোনো খবর তাঁর জানা নেই। তবে পেট্রাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের টহল ও নজরদারি বাড়ানোর কথা তিনি শুনেছেন।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা পর তাঁরা কলকাতার উদ্দেশে রওনা হন।
সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, সীমান্তের ওপারে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা বৈঠক করেছেন—এমন কোনো খবর তাঁর জানা নেই।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। দলটির নেতাকর্মীরা যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
প্রতিনিধি/এআর




