মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বৃষ্টি থামলেও কাটেনি ফসলের ক্ষতি, শ্রমিকসংকটে বিপাকে কৃষক

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

বৃষ্টি থামলেও কাটেনি ফসলের ক্ষতি, শ্রমিকসংকটে বিপাকে কৃষক

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা তিন দিনের বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কায় পড়েছেন উত্তরের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটের প্রান্তিক কৃষকেরা। মাঠে থাকা আমন ধান ও সদ্য রোপণ করা আলুখেত নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। বৃষ্টিপাত থেমে গেলেও বিভিন্ন ফসলের মাঠে পানি জমে থাকায় ক্ষতির শঙ্কা কাটেনি। ফসল রক্ষায় শ্রমিকসংকট দেখা দেওয়ায় অনেক কৃষক পরিবারের সদস্যদের নিয়ে নিজেরাই মাঠে কাজ করছেন। এতে চরম বিপাকে পড়েছেন তারা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে জেলার কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা যায়, গত শুক্রবার বিকেল থেকে ঘূর্ণিঝড় আকভান ও বৈরী আবহাওয়ার প্রভাবে জয়পুরহাটের পাঁচ উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। টানা তিন দিনের বৃষ্টিতে বিভিন্ন এলাকার আলু, সবজি ও ধানের জমিতে পানি জমে যায়। এতে জমিতে কেটে রাখা ধান এবং সদ্য রোপণ করা আলুখেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

fe924fb9-7d94-441d-a32f-3c0444faa4b1

শ্রমিকসংকটের কারণে অনেক কৃষক নিজেই পরিবারের সদস্যদের নিয়ে জমি থেকে পানি নিষ্কাশন ও ফসলের পরিচর্যার কাজ করছেন।

কৃষকেরা বলছেন, প্রতিকূল আবহাওয়ায় জমিতে পানি জমে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। অতিরিক্ত বৃষ্টিতে আলুর বীজ পচে যাওয়া এবং আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন তারা। একদিকে উৎপাদন খরচ, অন্যদিকে আবহাওয়ার বিরূপ প্রভাব—সব মিলিয়ে ফসলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

জয়পুরহাট জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করেছেন কৃষকেরা। এর মধ্যে প্রায় ৪ হাজার হেক্টর জমির কাটা ধান ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া প্রায় ৩৮ হাজার ৪০০ হেক্টর জমিতে আলুর বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে কিছু জমিতে আগাম জাতের আলু রোপণ করা হয়েছে।

জেলার গোড়না গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার দেড় বিঘা জমিতে আলুর বীজ রোপণ করেছেন তিনি। শুক্রবার বিকেল থেকে টানা তিন দিনের বৃষ্টিতে জমিতে কিছু পানি জমেছে। এতে সদ্য রোপণ করা আলুর বীজ পচে যাবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন তিনি। এ ছাড়া জমিতে আমন ধান কেটে ফেলে রেখেছেন। শ্রমিক না পাওয়ায় সেগুলো ঘরে তুলতে পারেননি। বাধ্য হয়ে নিজেই জমির পানি নিষ্কাশনের কাজ করছেন।

64cd4d6f-ae5c-4a19-8827-7fbe5bbdbffd

একই এলাকার প্রান্তিক কৃষক আহসান হাবীব বলেন, জমিতে আলু রোপণের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তাদের আলুর জমিতে পানি জমেনি, তবে বিভিন্ন এলাকার অনেক খেত পানিতে ডুবে গেছে। শ্রমিকসংকটের কারণে সকাল থেকে বাবা-মাকে সঙ্গে নিয়ে জমিতে পেঁয়াজের বীজ রোপণ করছেন তিনি। তাদের আলুর ক্ষতি না হওয়ার সম্ভাবনা থাকলেও এলাকার অনেকের জমিতে কেটে রাখা আমন ধান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন। শ্রমিক না পেয়ে কৃষকেরা চরম বিপাকে পড়েছেন বলেও জানান তিনি।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. মনজু আলম সরকার বলেন, ঘূর্ণিঝড় আকভানের কারণে জেলার বিভিন্ন মাঠে কিছু আগাম জাতের আলু, রোপণ করা বীজ আলু, ধান ও সরিষা আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মাঠ পরিদর্শন করে কৃষকদের দ্রুত অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর