মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে বিসিকের ১৭ কোটি টাকার প্রকল্পে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ 

মো. জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে বিসিকের ১৭ কোটি টাকার প্রকল্পে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ 
ছবি: ঢাকা মেইল

ঠাকুরগাঁওয়ে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরিতে প্রায় ৫০ একর জমিতে নির্মাণ করা হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী-২। প্রকল্পটির প্রথম পর্যায়ে জমি ভরাটের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৭ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৭৭৬ টাকা। 

এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। তবে সরকারি বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যবহৃত বালুর উৎস ও উত্তোলনের বৈধতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। 

অভিযোগ রয়েছে, প্রকল্পের বালুর একটি অংশ প্রশাসনিক অনুমতি ছাড়াই টাঙ্গন নদীর বিভিন্ন স্থান থেকে উত্তোলন করে সরবরাহ করা হচ্ছে। এতে নদী ও কৃষিজমির ক্ষতির আশঙ্কার পাশাপাশি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

অনুসন্ধানে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন এলাকায় বিসিক শিল্পনগরীর জমি ভরাটের জন্য প্রাথমিকভাবে প্রয়োজন প্রায় এক কোটি ঘনফুট বালু। অথচ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সদর উপজেলার নারগুন এলাকায় ইজারাকৃত একটি বালুমহল থেকে এক বছরের জন্য প্রায় ২৪ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ প্রকল্পের প্রাথমিক বালুর চাহিদা ওই বালুমহলের অনুমোদিত উত্তোলনসীমার প্রায় চার গুণ। ফলে বাকি বিপুল পরিমাণ বালু কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

অভিযোগ রয়েছে, প্রকল্পে ব্যবহৃত বালুর একটি অংশ ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর শ্রীকৃষ্ণপুর, বরুনাগাঁওসহ বিভিন্ন স্থান থেকে উত্তোলন করে আনা হচ্ছে। এসব স্থানে বালু উত্তোলনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি রয়েছে কি না, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। 

2

স্থানীয়দের অভিযোগ, নদী থেকে এভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী কৃষিজমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে যথাযথ রাজস্ব আদায় না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারও।

শিল্পনগরীর বিশাল এলাকাজুড়ে চলছে মাটি ভরাটের কাজ। নিচু জমি উঁচু করতে প্রতিদিনই ট্রাক ও ডাম্পারে করে আনা হচ্ছে বিপুল পরিমাণ বালু। দিনের পাশাপাশি রাতেও চলছে বালু পরিবহন। কিন্তু এত বিপুল পরিমাণ বালুর প্রকৃত উৎস, উত্তোলনের অনুমোদন এবং রাজস্ব পরিশোধের হিসাব নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে স্পষ্টতা পাওয়া যায়নি।

স্থানীয় কৃষক আব্দুল সাত্তার, মো. দিদার আলীসহ একাধিক কৃষক অভিযোগ করে বলেন, টাঙ্গন নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। নদীর স্বাভাবিক অবস্থা নষ্ট হলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়তে পারেন নদীতীরবর্তী এলাকার মানুষ। এ বিষয়ে জেলা প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার বা লাভ হয়নি। তারা যথাযথ তদন্ত ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।

প্রকল্পে বালু সরবরাহের উৎস নিয়ে কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবং বালু সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে। এ সময় তাদের বক্তব্যে বালু সংগ্রহ ও সরবরাহসংক্রান্ত বিভিন্ন তথ্য উঠে এলেও প্রকল্পে ব্যবহৃত সব বালুর বৈধ উৎস ও অনুমোদনের বিষয়টি পুরোপুরি স্পষ্ট হয়নি।

ঠিকাদার প্রতিষ্ঠান বিডিই লিমিটেড এর ম্যানেজার মো. লিয়ান বলেন, একদিনে ৪৫ গাড়ি বালু আনা হয়েছে। এর মধ্যে নারগুন এলাকার টাঙ্গন নদী থেকে ৪০ গাড়ি ও টাঙ্গন নদীর শ্রীকৃষ্ণপুর থেকে ৫ গাড়ি। তার দেওয়া তথ্য অনুযায়ী নারগুন এলাকার টাঙ্গন নদী বালুমহল থাকলেও শ্রীকৃষ্ণপুরে তো কোনো বালুমহল নেই। তাহলে শ্রীকৃষ্ণপুর টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু আনা হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ও বিধিমালায় বালু উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। সরকারি প্রকল্পের প্রয়োজনে বালু বা মাটি উত্তোলনের ক্ষেত্রেও মানতে হয় প্রশাসনিক প্রক্রিয়া। 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালার ১২ ধারার ১ উপধারা অনুযায়ী, সরকারি প্রকল্পের প্রয়োজনে বালু বা মাটি উত্তোলন করতে হলে প্রকল্প গ্রহণকারী বা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ কিংবা কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারকে জেলা প্রশাসকের কাছে অধিযাচনপত্র জমা দিতে হয়। কিন্তু বিসিক শিল্পনগরী প্রকল্পের জন্য বালু সংগ্রহের উৎস ও উত্তোলনস্থল উল্লেখ করে জেলা প্রশাসনের কাছে এমন কোনো অধিযাচনপত্র জমা পড়েনি বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। ফলে প্রকল্পে ব্যবহৃত বালু সংগ্রহে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে আরও প্রশ্ন দেখা দিয়েছে।

বিসিকের তথ্য অনুযায়ী, শিল্পনগরীর প্রথম পর্যায়ে জমি ভরাটের জন্য বরাদ্দ ১৭ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৭৭৬ টাকা। কাজটি পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিডিই লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার হিসেবে সিলভিয়া সারমিনের নাম উল্লেখ রয়েছে। 

প্রকল্পের নথি অনুযায়ী, জমি ভরাটের কাজের বিপরীতে এ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে পরিশোধ করা হয়েছে ৯ কোটি ৬৩ লাখ ৪৩ হাজার ৯১ টাকা। অর্থাৎ মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রকল্পে ব্যবহৃত বালুর উৎস, উত্তোলনের অনুমতি এবং রাজস্ব পরিশোধের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে প্রকল্প পরিচালকের বক্তব্য জানতে চাইলে মো. হাফিজুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু আনছে কি না, তা দেখার দায়িত্ব প্রশাসনের।

3

অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানিয়েছেন, সরকারি উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসনের কাছে কোনো অধিযাচনপত্র জমা দেওয়া হয়নি। সরকারি প্রকল্পের নামে বালু উত্তোলনের ক্ষেত্রে আইন লঙ্ঘন কিংবা সরকারি রাজস্ব ক্ষতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছড়াও তিনি জানান, অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে সে বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। 

প্রায় ৫০ একর জমিতে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী গড়ে উঠলে এ অঞ্চলে নতুন শিল্পকারখানা স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। তবে শিল্পায়নের এ উদ্যোগ বাস্তবায়নের শুরুতেই বালুর উৎস ও উত্তোলনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সচেতন মহলের দাবি, প্রকল্পে ব্যবহৃত বালুর প্রকৃত উৎস, উত্তোলনস্থল, অনুমোদিত পরিমাণ, পরিবহন এবং সরকারি রাজস্ব পরিশোধের হিসাব খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উন্নয়নের নামে যেন নদী, কৃষিজমি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর