প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে আমদানি কার্যক্রম শুরু হয়। এতে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফেরার পাশাপাশি স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।
গত ২৭ জুন থেকে বন্দর দুটি দিয়ে কয়লা আমদানি বন্ধ ছিল। বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুই স্থলবন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার মেট্রিক টন কয়লা আমদানি হয়েছে। এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা।
দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম শুরু হওয়ায় খুশি স্থানীয় শ্রমিকেরা। রেফাজ উদ্দিন নামের এক শ্রমিক জানান, কাজ না থাকায় কষ্টে দিন কাটাতে হয়েছে। আবার কাজের সুযোগ পেয়ে তিনি খুশি।
ব্যবসায়ী সামসুল আলম শামস জানান, একসময় প্রতিদিন চার থেকে পাঁচ শ’ গাড়ি কয়লা আসত। তবে ২০১৫ সালের পর থেকে আমদানি অনিয়মিত হয়ে পড়ে। নিয়মিত কয়লা আমদানি হলে ব্যবসায়ীরা লাভবান হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান জানান, বন্দর দিয়ে ২৫ ধরনের পণ্য আমদানির সুযোগ থাকলেও বর্তমানে শুধু কয়লা আমদানি হচ্ছে। বন্দর নিয়মিত সচল থাকলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বন্দর সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকারও উন্নতি হবে।
কড়ইতলী ও গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু জানান, আমদানি কার্যক্রম শুরু হলেও ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত দুই থেকে তিনজন কয়লা পেয়েছেন। এর মধ্য দিয়েই আবারো শ্রমিকদের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
প্রতিনিধি/এফএ




